ফেসবুকে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ
মৌলভীবাজারে ছাত্রলীগের মিছিল থেকে আটকের নেপথ্যে দলীয় কোন্দল
মৌলভীবাজার শহরের শমশেরনগর রোড এলাকায় আজ সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে, এই কর্মসূচি প্রতিহত করতে সংগঠনেরই একটি পক্ষ পুলিশ ডেকেছে বলে অভিযোগ তুলেছেন মাঠপর্যায়ের এক কর্মী, যা নিয়ে দলটিতে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা শমশেরনগর রোড এলাকায় আকস্মিক একটি মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফেরদৌস রহমান বাপ্পি এবং দিগলগজী গ্রামের মেথাল মিয়ার ছেলে আরমান হোসেন।
এদিকে মিছিল পণ্ড হওয়ার পরপরই সংগঠনটির ভেতরের চরম বিভক্তি প্রকাশ্যে চলে আসে। মো. সুয়েব আহমেদ নামের স্থানীয় এক ছাত্রলীগ কর্মী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সরাসরি অভিযোগ তুলে লিখেন—"নিজ দলের মানুষ পুলিশ পাঠাইছে আমাদের মিছিল ঠেকাইতে!"
সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের মতে, সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এমনিতেই মাঠপর্যায়ে তাদের কার্যক্রম বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে শমশেরনগর রোডের কর্মসূচিটি সফল করার চেষ্টা করা হলেও দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তথ্য ফাঁস হয়ে যায়। নিজেদের দলেরই একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোপনে তথ্য দিয়ে সহযোদ্ধাদের ধরিয়ে দিতে সহায়তা করেছে বলে ওই কর্মীর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।
মৌলভীবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের চেষ্টা করায় দুইজনকে আটক করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: