কমলগঞ্জে ডাস্টবিনের অভাবে যেখানে-সেখানে আবর্জনার ভাগাড়
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরশহরের বুক চিরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই থমকে দাঁড়াতে হয়। নাক-মুখ চেপে ধরে, গা ঝাড়া দিয়ে দ্রুত স্থান ত্যাগ করাই এখন এখানকার পথচারীদের প্রধান লক্ষ্য। কারণ, রাস্তার পাশেই জমে আছে স্তূপীকৃত ময়লা-আবর্জনা। প্রতিদিন এই তীব্র দুর্গন্ধ সহ্য করেই চলাচল করতে হচ্ছে উপজেলার সব শ্রেণীর মানুষকে। অথচ এই চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির সামনে স্থানীয় প্রশাসন যেন একবারে নির্বিকার। আবর্জনার এই ভাগাড় অপসারণে কারো যেন কোনো ভ্রুক্ষেপ নেই।
অনুসন্ধানে দেখা গেছে, কমলগঞ্জ পৌরশহর ও এর আশপাশের এলাকায় কোনো পর্যাপ্ত ডাস্টবিন বা নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নেই। ফলে নিরুপায় হয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছেন।
খোলা আকাশের নিচে পড়ে থাকা এই আবর্জনার স্তূপ কেবল দৃশ্যদূষণই ঘটাচ্ছে না, বরং স্থানীয় বাসিন্দাদের ঠেলে দিচ্ছে এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির দিকে। চিকিৎসকদের মতে, এই অবহেলা আগামীতে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনতে পারে।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে এই পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের ভাষায়- "প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দম বন্ধ হয়ে আসে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে। প্রশাসন সব দেখেও না দেখার ভান করে আছে।"
পৌর এলাকার একজন ব্যবসায়ী জানান- "আমরা পরিচ্ছন্ন ও একটি বাসযোগ্য কমলগঞ্জ চাই। এর জন্য অনতিবিলম্বে শহরের মোড়ে মোড়ে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা এবং নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা করা দরকার।"
স্থানীয় সচেতন মহলের দাবি—একটি উপজেলার প্রধান শহর এভাবে ময়লার ভাগাড়ে পরিণত হতে পারে না।
একটি সুস্থ ও সুন্দর আগামী প্রজন্মের জন্য কমলগঞ্জকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা কমলগঞ্জবাসীর।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: