গাছে বেঁধে রেখে পালাল দুর্বৃত্তরা
রাজনগরে চালককে রক্তাক্ত করে সিএনজি ছিনতাই
মৌলভীবাজারে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের এক নৃশংস ঘটনা ঘটেছে। রাজনগর উপজেলায় এক চালককে নির্মমভাবে মারধর ও রক্তাক্ত করে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তার অটোরিকশাটি নিয়ে চম্পট দিয়েছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উত্তরভাগ এলাকার সুরিখালে এই ঘটনা ঘটে। এই বর্বরোচিত ঘটনার পর থেকে স্থানীয় চালকদের মাঝে তীব্র আতঙ্ক এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার করিমপুর গ্রামের সাদ্দেক মিয়ার ছেলে চালক উজ্জ্বল মিয়া প্রতিদিনের মতোই ঘটনার রাতে রাজনগর কলেজ পয়েন্টে ভাড়ার জন্য অপেক্ষা করছিলেন। রাত ১১টার দিকে তিন ব্যক্তি যাত্রীবেশে তার অটোরিকশায় ওঠে এবং উত্তরভাগের সুরিখাল এলাকায় যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া নেয়। কিন্তু গাড়িটি উত্তরভাগ ইউনিয়নের কাছাকাছি পৌঁছামাত্রই যাত্রীবেশে থাকা ওই তিন ছিনতাইকারী তাদের আসল রূপ ধারণ করে এবং চালক উজ্জ্বল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়।
ছিনতাইকারীরা উজ্জ্বল মিয়াকে উপর্যুপরি মারধর করে রক্তাক্ত ও গুরুতর জখম করে। একপর্যায়ে তার চিৎকার থামানোর জন্য এবং নিজেদের পালিয়ে যাওয়া নিশ্চিত করতে তাকে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে। এরপর তারা সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে উজ্জ্বল মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
স্থানীয় চালক ও বাসিন্দাদের অভিযোগ, ইদানীং রাতবিরাতে উপজেলার বিভিন্ন সড়কে এমন যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে সাধারণ চালক ও যাত্রীদের জানমালের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে এই ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল ও সিএনজি চালক শ্রমিকেরা।
তাহির আহমদ
মন্তব্য করুন: