বড়লেখায় এএসপি পরিচয় দেওয়া ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার

বড়লেখায় এএসপি পরিচয় দেওয়া ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৮/০৬/২০২৬ ১৫:৫৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার নিউ সমনবাগ চা বাগান বাজার থেকে স্থানীয় জনতা তাঁকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।


গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সাজু আহমেদ শোভন (৩৫)। তিনি রংপুর শহরের কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাতে বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ। এ সময় একটি মামলার ভয়ভীতি দেখিয়ে তা নিষ্পত্তির আশ্বাস দেন এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে কৌশলে ওই চা-শ্রমিকের কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেন।


গতকাল রোববার (৭ জুন) বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে সাজু আহমেদকে দেখতে পেয়ে চিনে ফেলেন ভুক্তভোগী যতিন চাষা। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা সাজুকে আটকে রেখে বড়লেখা থানা-পুলিশে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজু আহমেদকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র দেখান, যেখানে তাঁর নামের পাশে ‘ASP’ পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি পুলিশের কোনো সদস্য নন; ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।


বড়লেখা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম সিলেটকে বলেন, এ ঘটনায় দণ্ডবিধির ১৭০ ও ৪২০ ধারায় একটি প্রতারণার মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

হিফজুর রহমান / ডি আর ডি

মন্তব্য করুন: