বিশ্বকাপের হাওয়া রাজনগরে: জার্সি নিয়ে লঙ্কাকাণ্ড!

বিপাকে সমর্থকেরা

বিশ্বকাপের হাওয়া রাজনগরে: জার্সি নিয়ে লঙ্কাকাণ্ড!

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

০৮/০৬/২০২৬ ১৯:২৫:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাঠে খেলা গড়াতে এখনো বাকি, অথচ মৌলভীবাজারের রাজনগরে কাপড়ের দোকানে দোকানে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ‘জার্সি যুদ্ধ’। বাজারের আধিপত্য ধরে রাখতে দুই কাপড় ব্যবসায়ী এমনভাবে মুখোমুখি অবস্থান নিয়েছেন, যা মাঠের আর্জেন্টিনা-ব্রাজিল বৈরিতাকেও হার মানিয়েছে। আর এই যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক তখনই এক বালতি ময়লা হাতে মাঠে প্রবেশ করেছে ‘তৃতীয় পক্ষ’!


স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর বাজারে জার্সির বাজার দখল নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ‘মমতা বস্ত্রালয়’-এর পল্লব আলম এবং ‘মোহাম্মদী কম্পিউটার’-এর তোফায়েল আহমেদ রুকন। ক্রেতা টানতে গিয়ে দুই পক্ষ এখন একে অপরের জার্সির সুতা ধরে টান দেওয়া শুরু করেছেন।


ব্যবসায়ী রুকনের দাবি, পল্লবের দোকানের জার্সির মান এতটাই শোচনীয় যে সেগুলো গায়ে জড়ালেই অ্যালার্জি, দাউদ, চুলকানি থেকে শুরু করে বিষফোঁড়ার মতো ‘অজানা-অচেনা’ চর্মরোগ দেখা দিতে পারে। তাঁর পরামর্শ, পল্লবের দোকান থেকে জার্সি কেনার আগে ক্রেতাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া উচিত।


রুকনের এই ‘মেডিকেল রিপোর্টের’ জবাবে পাল্টা তোপ দেগেছেন পল্লব। তাঁর দাবি, রুকন আসলে গুলিস্তানের চোরাবাজারের বাতিল কাপড় দিয়ে তৈরি জার্সি বিক্রি করছেন। পল্লব বলেন, ‘ওই সব জার্সিতে যে কেমিক্যাল দেওয়া আছে, তা ত্বকের জন্য বিষের চেয়েও মারাত্মক। একবার ধুয়ে দিলেই ওই জার্সি বাচ্চাদের ছেঁড়া রুমালে পরিণত হবে!’


দুই ব্যবসায়ীর এই রাসায়নিক ও চর্মরোগের বাকযুদ্ধে চরম বিপাকে পড়েছেন স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা। সাতকাহন ভেবে কোন জার্সি কিনলে চর্মরোগ হবে না আর কোনটা ধুলে রুমাল হবে না—এই চিন্তায় ফুটবলপ্রেমীদের ঘুম হারাম হওয়ার জোগাড়।


তবে ঘটনার এখানেই শেষ নয়। দুই পক্ষের কাদা ছোড়াছুড়ির মধ্যে নাটকীয়ভাবে মাঠে নেমেছেন ‘রাজনগর মডেল লাইব্রেরি’র স্বত্বাধিকারী মুরাদ। তিনি অবশ্য জার্সির মান নিয়ে কোনো কথা বলেননি। আর্জেন্টিনার সমর্থক মুরাদের অভিযোগ, রুকন মানুষ হিসেবে ‘সুবিধার নন’। দুই প্রতিবেশীর দীর্ঘদিনের মতবিরোধের জেরে মুরাদের দাবি, রুকন প্রতিদিন ভোরবেলা বাজারের সব ময়লা-আবর্জনা কুড়িয়ে এনে মডেল লাইব্রেরির সামনে স্তূপ করে রেখে যান!


রাজনগর বাজারে এখন ফুটবল বিশ্বকাপের চেয়ে এই জার্সি আর ময়দা-আবর্জনার যুদ্ধ নিয়েই বেশি আলোচনা চলছে। শেষ পর্যন্ত এই ত্রিমুখী লড়াই কোথায় গিয়ে থামে, নাকি বাজারে কোনো নতুন ‘খেলোয়াড়’ এসে যোগ দেয়, এখন সেটাই দেখার বিষয়।

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: