আইনজীবী সমিতিতে ঢুকে হামলা
মৌলভীবাজারে আদালত চত্বরে সংঘর্ষ, আহত ২
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ভবনের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে এই ঘটনা ঘটে।
আদালত ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, স্থানীয় জসিম খান এবং জমসেদ খানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জেরে জমসেদ খান বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে মামলাটি মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গড়ায়।
আজ ওই মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন উভয় পক্ষের লোকজন। হাজিরা শেষে জেলা আইনজীবী সমিতির ভবনের ভেতরে প্রবেশ করার পর তাঁদের মধ্যে নতুন করে কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে জমসেদ, সাকের ও তারেক খানসহ তাঁদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জসীম, বেলাল ও সুজন খানের ওপর আকস্মিক হামলা চালান।
হামলায় সুজন খানসহ দুজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও আইনজীবীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হামলার শিকার জসিম খান অভিযোগ করে বলেন, ‘আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে গিয়েছিলাম। সেখানেই পূর্বপরিকল্পিতভাবে জমসেদ খানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় সুজন খান মারাত্মক আহত হয়েছেন। আমরা এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে আদালত চত্বরের মতো নিরাপদ স্থানে আইনজীবী সমিতির ভবনের ভেতরে এমন হামলার ঘটনায় আইনজীবীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক প্রথম আলোকে বলেন, ‘বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বার ভবনে এসেছিল। সেখানে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। আইনজীবী ভবনের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল ঘটনায় আমরা অত্যন্ত বিব্রত।’
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম সিলেটকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বারের আইনজীবীদের সাথে কথা বলেছি। প্রাথমিক তদন্তে হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কামরান আহমদ / তাহির আহমদ
মন্তব্য করুন: