রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আল-আমিন (রাতুল) নামের ২৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল চারটার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার ওই গ্রামের মৃত রুফ মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শাহরিয়ার। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, শাহরিয়ার আল-আমিন পরিবারের একমাত্র ছেলে ছিলেন। তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মনসুরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হিফজুর রহমান / তানজুবা তাবাসসুম
মন্তব্য করুন: