মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে দিনদুপুরে তাণ্ডব: দেয়াল-গেট গুঁড়িয়ে লুটপাট

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা

মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে দিনদুপুরে তাণ্ডব: দেয়াল-গেট গুঁড়িয়ে লুটপাট

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১১/০৬/২০২৬ ১৪:৩৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বর্বর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামে প্রবাসী আব্দুর রবের বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে। হামলায় বাড়ির সীমানা প্রাচীর ও লোহার গেট গুঁড়িয়ে দিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


দিনদুপুরে এমন বর্বরোচিত ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ এবং প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।


থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত ৮ জুন (২০২৬) একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসী আব্দুর রবের বাড়িতে অনধিকার প্রবেশ করে। হামলাকারীরা দা, লোহার রড, জিআই পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে বাড়ির প্রধান লোহার গেট এবং বাউন্ডারি দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে প্রায় ৫ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতিসাধন হয়।


ভাঙচুরের পাশাপাশি সন্ত্রাসীরা ঘরে ঢুকে নগদ ২ লাখ টাকা এবং মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় প্রবাসীর স্ত্রী স্বপ্না বেগম বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় প্রবাসীর স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় একই এলাকার বাসিন্দাদের আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন,শিব্বির আহমদ ওরফে হাসান আহমদ,আনকার মিয়া,আব্দুল গফুর,রুহুল আমিন,সাজু মিয়া,মাহফুজ মিয়াসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।


ঘটনার বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


বর্তমানে ভুক্তভোগী প্রবাসী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad