দেখালেন হাতের লাল-সবুজ ট্যাটু
কানাডায় বিশ্বকাপের মঞ্চ মাতালেন মৌলভীবাজারের সঞ্জয়!
কানাডায় ফিফা বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। হাজারো দর্শক আর কোটি কোটি বিশ্ববাসীর চোখ তখন মঞ্চের দিকে। ঠিক তখনই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো গোটা বিশ্ব, আর আনন্দে আত্মহারা হলো ১৮ কোটি বাংলাদেশি। বলিউড সেনসেশন নোরা ফাতেহির সাথে স্টেজে যখন তালে তাল মেলাচ্ছিলেন এক যুবক, তখন পারফরম্যান্সের ফাঁকেই তিনি বারবার ক্যামেরার সামনে উঁচিয়ে ধরছিলেন তাঁর হাত। সেখানে স্পষ্ট আঁকা—বাংলার ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ আর প্রিয় ‘লাল-সবুজ’ পতাকার ট্যাটু!
বিশ্বকাপের মতো মহা-মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশাত্মবোধকে এভাবে জানান দেওয়া এই যুবক আর কেউ নন—আমাদের বাংলাদেশের সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। তাঁর এই অনন্য কৃতিত্বে এখন ভাসছে পুরো বাংলাদেশ, বিশেষ করে তাঁর শিকড় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা।
বাংলাদেশে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা অবশ্য আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান জোসে। প্রবাসী হলেও নাড়ির টান যে তিনি ভুলে যাননি, তার প্রমাণ দিলেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে। আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে ডিজে এবং মিউজিক প্রডিউসার হিসেবে ইতিমধ্যেই বেশ সুপরিচিত নাম সঞ্জয়। নিজের সেই যোগ্যতা এবং বৈশ্বিক চেনা-জানার সুবাদেই এবার ফুটবল বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে পারফর্ম করার ঐতিহাসিক সুযোগ পান তিনি।
সঞ্জয়ের এবারের সাফল্য কেবল উদ্বোধনী মঞ্চের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়; তিনি গড়েছেন এক অনন্য ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর অফিসিয়াল অ্যালবামে নিজের গান অন্তর্ভুক্ত করার গৌরব অর্জন করেছেন সঞ্জয় দেব।
তাঁর সুর করা ও প্রযোজিত গান “Siir Siir” স্থান করে নিয়েছে বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে। বিশ্বমঞ্চে ফুটবল উন্মাদনার অফিশিয়াল সাউন্ডট্র্যাক হিসেবে এখন বাজছে একজন বাংলাদেশির গান, যা দেশের সঙ্গীত ইতিহাসের অন্যতম সেরা এক অর্জন।
মঞ্চে নোরা ফাতেহির চোখধাঁধানো নাচের সাথে সঞ্জয়ের অনবদ্য এনার্জি পুরো স্টেডিয়ামকে মাতিয়ে রেখেছিল। তবে প্রবাসে বড় হওয়া এই তরুণের দেশপ্রেম সবচেয়ে বেশি দাগ কেটেছে দর্শকদের মনে। পারফর্ম করার সময় তিনি যেভাবে বারবার নিজের হাতের টাইগার ও লাল-সবুজের ট্যাটু প্রদর্শন করছিলেন, তা ছিল দেখার মতো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে এক ভক্ত লিখেছেন: "বিদেশে বড় হলেও ছেলেটা ভুলে যায়নি সে কার সন্তান। বিশ্বকাপের মঞ্চে লাখো মানুষের সামনে বারবার দেশের ট্যাটু দেখানো বুক কাঁপিয়ে দেওয়ার মতো দৃশ্য। সঞ্জয়, আপনি আমাদের গর্ব!"
শ্রীমঙ্গলের সবুজ মাটির শিকড় থেকে ক্যালিফোর্নিয়ার সান জোসে, আর সেখান থেকে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবাম ও উদ্বোধনী মঞ্চ—সঞ্জয় দেবের এই মহাকাব্যিক যাত্রা দেশের তরুণ প্রজন্মের জন্য এক চরম অনুপ্রেরণার নাম। বিশ্বমঞ্চে লাল-সবুজের এই গর্জন চলুক বহুদূর!
তানজুবা তাবাসসুম/ তাহির আহমদ
মন্তব্য করুন: