হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি

হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৬/২০২৬ ১২:৪৬:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট অঞ্চলের পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা ও যাত্রী ভোগান্তির অবসান ঘটেছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভায় এই বিরোধ নিষ্পত্তি হয়।


শুক্রবার (১২ জুন) রাতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এই সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয়।


পরিবহন খাতের এই জটিল সংকট নিরসনে বৈঠকে একঝাঁক রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব জি. কে. গউছ এমপি (মাননীয় হুইপ, জাতীয় সংসদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের কয়েকজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য: এম. নাসের রহমান এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি,এমরান আহমেদ চৌধুরী এমপি ও আব্দুল মালিক এমপি।


এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দসহ সংশ্লিষ্ট বাস মালিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।


দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রায়শই বাস চলাচল বন্ধ থাকা বা রুট নিয়ে জটিলতার কারণে সিলেট বিভাগের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। এই বিরোধ নিষ্পত্তির ফলে পরিবহন খাতে যেমন শৃঙ্খলা ফিরবে, তেমনই আসন্ন ১৭ জুন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে এই অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।


বৈঠক শেষে সংশ্লিষ্ট সকল পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে শান্তিপূর্ণ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: