প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর: জেলাজুড়ে উৎসবের আমেজ
আগামী ১৭ জুন মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে চারপাশ। তবে এই ভিআইপি সফরকে ঘিরে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হঠাৎ তৎপরতা সাধারণ মানুষের নজর কাড়ার পাশাপাশি নানা বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট বিবেচনায় মৌলভীবাজার-রাজনগর, মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার-কুলাউড়া সড়কের দুই পাশে এখন জোরকদমে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা সড়কের পাশের বড় বড় ঝোপঝাড় ও জঙ্গল কেটে সাফ করা হচ্ছে। সড়ক বিভাগের এমন তৎপরতা দৃশ্যত প্রশংসনীয় হলেও, হঠাৎ এই ‘মেকওভার’ সাধারণ মানুষের মনে ক্ষোভ ও বিস্ময়ের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু সরকারপ্রধানকে দেখানোর জন্যই রাতারাতি বদলে ফেলা হচ্ছে চেনা সড়কের রূপ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর পার হয়ে গেলেও স্বাভাবিক সময়ে সড়ক বিভাগের পক্ষ থেকে এই ঝোপঝাড় পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। অথচ এই ঝোপঝাড়ের কারণে বাঁকগুলোতে একপাশের চলন্ত গাড়ি থেকে অন্যপাশের গাড়ি দেখা যায় না, যা প্রতিনিয়ত মারাত্মক সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ সময়ে সড়ক বিভাগকে বারবার তাগিদ দিলেও কোনো কাজ হয় না বলে দাবি স্থানীয়দের।
ওই সব সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী আসছেন বলে আজ রাস্তা ঝকঝকে করা হচ্ছে। তার মানে সড়ক পরিষ্কার করার সামর্থ্য ও লোকবল প্রশাসনের সবসময়ই আছে। তাহলে বছরের অন্য দিনগুলোতে কেন সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়—এমন প্রশ্ন তুলে তারা এই উদ্যোগকে স্রেফ ‘লোক দেখানো’ কাজ হিসেবে অভিহিত করেন।
এই পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে এখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। প্রতি বছর রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য যে সরকারি বরাদ্দ আসে, তা আসলে কোথায় যায়, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও চায়ের দোকানে আলোচনা চলছে। স্থানীয়দের প্রশ্ন, নিয়মিত রক্ষণাবেক্ষণের বাজেট কি অন্য কোনো খাতে খরচ করা হয়, নাকি তা সংশ্লিষ্টদের পকেটে যায়? শুধু ভিআইপিদের খুশি করতেই কি সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়—এমন প্রশ্নও তুলছেন অনেকে।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মৌলভীবাজারবাসীর মাঝে আনন্দের আবহ থাকলেও, সড়ক বিভাগের এই ‘হঠাৎ জাগরণ’ স্থানীয়দের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সাধারণ মানুষের দাবি, শুধু প্রধানমন্ত্রীর সফরের সময়েই নয়, জানমালের নিরাপত্তা রক্ষায় সারাবছরই যেন সড়কগুলো এভাবে নিরাপদ ও পরিষ্কার রাখার স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: