২১ জুন ছায়ানটে সৃষ্টি বিশ্বময়ের বিশেষ আয়োজন
"সংগীতের সুর ছড়িয়ে পড়ুক সূক্ষ্ম অনুভূতিতে, জাগিয়ে তুলুক মানবিক ও অহিংস চেতনা"— এই শাশ্বত ও কল্যাণময় প্রত্যয়কে বুকে ধারণ করে আগামী ২১ জুন উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব সংগীত দিবস ২০২৬। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের কোটি কণ্ঠের সাথে সুর মেলাতে এবং সংগীতের অবিচ্ছেদ্য বন্ধনকে আরও সুদৃঢ় করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সাংস্কৃতিক সংগঠন 'সৃষ্টি বিশ্বময়'।
সংগীতের সার্বজনীন ভাষার মাধ্যমে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আগামী ২১ জুন ২০২৬, রবিবার বিকেল ৫:৩০ মিনিটে ঢাকার ঐতিহ্যবাহী ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুর ও বাণীর এই মেলবন্ধনে থাকবে আলোচনা সভা, একক সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি এবং নান্দনিক নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আলোকিত করবেন বরেণ্য নাট্যজন খায়রুল আলম সবুজ। মুখ্য আলোচক হিসেবে সুর ও সংস্কৃতির নানাদিক নিয়ে আলোকপাত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পী প্রিয়াঙ্কা গোপ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর এবং স্বাগত শুভেচ্ছা বক্তব্য রাখবেন পুলক রাহা।
'সৃষ্টি বিশ্বময়'-এর সাধারণ সম্পাদক অলক দাশগুপ্ত এক বিবৃতিতে জানান, সংগীত কেবল বিনোদন নয়, তা মানুষের অন্তরের সূক্ষ্ম অনুভূতিগুলোকে জাগ্রত করে এক অহিংস পৃথিবী গড়ার হাতিয়ার। সংস্কৃতির এই মহোৎসবে এবং শান্তির বার্তা ছড়ানোর এই আন্তরিক প্রয়াসে সকল সুরপ্রেমী ও সুধীজনকে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।
নিপীড়িত ও কোলাহলময় এই পৃথিবীতে সুরের অমিয় ধারা ঢেলে দিতে এবং আয়োজনটিকে সফল ও প্রাণবন্ত করতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: