একদলীয় শাসনের পথে হাঁটলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান
বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দেশের মানুষ গ্রহণ করবে না।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান দাবি করেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে দলীয় অনুগতদের বসানো হচ্ছে। তার ভাষ্য, এসব পদক্ষেপ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে একদলীয় ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ সফল হয়নি, ভবিষ্যতেও জনগণ এমন কোনো ব্যবস্থা মেনে নেবে না।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, অতীতে যে রাজনৈতিক সংস্কৃতি দেশের রাজনীতিকে বিভক্ত করেছে, তা পুনরাবৃত্তি না করাই সবার জন্য মঙ্গলজনক।
প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে তিনি বলেন, বড় বাজেট ঘোষণা করাই যথেষ্ট নয়, এর স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও ঘুষ বন্ধে সরকারের দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান তিনি। তার মতে, এসব অনিয়ম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের আস্থা সংকট আরও গভীর হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আন্দোলনকারীদের আত্মত্যাগ ও অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। তাদের সংগ্রামের ফলেই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জবাসীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও ভোটাররা অতীতে গণতান্ত্রিক শক্তির প্রতি সমর্থন দেখিয়েছেন, যা রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সজল আহমেদ
মন্তব্য করুন: