দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার, ৪৩ মাসের রেকর্ড

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার, ৪৩ মাসের রেকর্ড

প্রথম ডেস্ক

২৫/০৬/২০২৬ ১৭:১৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও এসেছে স্বস্তির বার্তা। বুধবার দিন শেষে বাংলাদেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার, যা গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।


এর আগে, গত ১৪ জুন বাজেট সহায়তার অংশ হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ডলার ঋণ পায় বাংলাদেশ। সেই অর্থ যোগ হওয়ার পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে পৌঁছায়। সে সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ০৭ বিলিয়ন ডলার।


চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। উল্লেখ্য, ২০২৩ সালের জুন।থেকে কেন্দ্রীয় ব্যাংক এই পদ্ধতিতে রিজার্ভের হিসাব প্রকাশ করে আসছে। তখন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।


বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভের রেকর্ড গড়ে ২০২১ সালের আগস্টে, যখন রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তবে পরবর্তীতে অর্থপাচার বেড়ে যাওয়া ও নানা অর্থনৈতিক চাপের কারণে রিজার্ভ দ্রুত কমতে থাকে। একই সময়ে ডলারের বিনিময় হার ৮৪ টাকা থেকে বেড়ে ১২০ টাকারও বেশি হয়ে যায়।


এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম-৬ হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে । সেই অবস্থান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে এখন আবারও ৩৬ বিলিয়ন ডলারের ঘর ছুঁয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: