সিলেট বাণিজ্য মেলার সময় রাত ১১টা পর্যন্ত বাড়ানোর দাবি আয়োজক ও ব্যবসায়ীদের

সিলেট বাণিজ্য মেলার সময় রাত ১১টা পর্যন্ত বাড়ানোর দাবি আয়োজক ও ব্যবসায়ীদের

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/১০/২০২৬ ০০:১০:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ ঘিরে পুরো সিলেটে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাসব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত সৃজনশীল পণ্য, শিল্পসামগ্রী ও বাণিজ্যিক দ্রব্যাদি প্রদর্শন করছেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী রাত ৮টার মধ্যে মেলা বন্ধ করে দেওয়ার বাধ্যতামূলক বিধিনিষেধের কারণে মারাত্মক আর্থিক ঝুঁকির মুখে পড়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা।

ব্যবসায়ী ও মেলা সংশ্লিষ্টদের মতে, দিনের বেলায় কর্মব্যস্ততার কারণে দর্শনার্থীরা সাধারণত কেনাকাটার সুযোগ পান না। মূলত রাত ৮টার পর থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আসল উপস্থিতি ও বেচাকেনার ধুম শুরু হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেলা বন্ধ করতে বাধ্য হওয়ায় প্রত্যাশিত বিক্রি হচ্ছে না। মেলায় চাহিদা অনুযায়ী বিক্রি না হলে আয়োজকদের পক্ষ থেকেও স্টল ভাড়া বা অন্যান্য বকেয়া টাকা আদায় নিয়ে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে মেলার আয়োজক সংস্থা সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেন, স্থায়ী দোকান বা মার্কেটের পরিচালনার কাঠামোর সাথে মেলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। দেশের অন্যান্য স্থানেও রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার নজির রয়েছে। এই মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে তাঁরা নিজেদের সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। তাই নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রসারে মেলার সময়সীমা বাড়ানো অত্যন্ত জরুরি।

মেলা দর্শনার্থীদের সুবিধা, নারী উদ্যোক্তাদের অগ্রগতি, ব্যবসায়ীদের বিনিয়োগ রক্ষা এবং সর্বোপরি আয়োজকদের আর্থিক ঝুঁকি হ্রাসের বিষয়টি বিবেচনা করে মেলার সময়সীমা রাত ১১টা পর্যন্ত সম্প্রসারণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের অভিমত, সময় বাড়ালে সব পক্ষই সমানভাবে উপকৃত হবে।

তবে মেলার সময়সীমা রাত ১১টা পর্যন্ত বাড়ানোর এই আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।


নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad