হবিগঞ্জে ইভটিজিং ঠেকাতে সাদাপোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ

হবিগঞ্জে ইভটিজিং ঠেকাতে সাদাপোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৯/১০/২০২৬ ২৩:৩৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বালিকা বিদ্যালয়গুলোতে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভ টিজিং প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রয়োজনে প্রতিটি বালিকা বিদ্যালয়ে সাদাপোশাকে পুলিশ মোতায়েনের কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটায় হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক শিক্ষার মান উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলি ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে তাদের পড়াশোনা ও মেধার বিকাশে গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হতে পারেন।

মানবিক বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, এ দায়িত্ব শুধু সরকারের একার নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হবিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের দৃষ্টি আকর্ষণ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কেউ ইভ টিজিংয়ের শিকার না হয়।

অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad