মৌলভীবাজারে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে কুপিয়ে স্বর্ণালংকার ছিনতাই
মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড এলাকায় ঘরের ভেতর ঢুকে এক প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার ছিনতাই করেছে এক যুবক। গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে সেন্ট্রাল রোডের নিজ বাসায় এই হামলার শিকার হন মৌলভীবাজার পৌরসভা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নীলা কর।
আহত নীলা করকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আহত শিক্ষিকা জানান, সোমবার (২৯ জুন) বিকেলে তিনি নিজ ঘরের বিছানায় শুয়ে মোবাইল ফোন দেখছিলেন। বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ ঘরের ভেতর একটি শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেই এক অজ্ঞাতপরিচয় যুবক এসে পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারী তাঁকে টেনেহিঁচড়ে মেঝেতে ফেলে দেয় এবং গলা থেকে সোনার চেইন ও লকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চিৎকার করতে চাইলে যুবকটি তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে।
নীলা কর বলেন, "ধস্তাধস্তির একপর্যায়ে যুবকটি আমার গলায় ছুরি চালানোর চেষ্টা করে। পরে আমার গলার সোনার চেইন ও লকেটটি হ্যাঁচকা টানে ছিঁড়ে নেয়। এরপর আমাকে ঘরের ভেতর আটকে রেখে বাইরে থেকে দরজা লক করে পালিয়ে যায়।"
আহত শিক্ষিকা আরও জানান, হামলাকারী যুবকের মুখে মাস্ক ছিল। তবে তার পরনে প্যান্ট-টি-শার্ট এবং মাথায় উশকোখুশকো চুল ছিল। ছিনতাইকারী পালিয়ে যাওয়ার পর তিনি রক্তাক্ত অবস্থায় কোনোমতে ঘরের অন্য একটি দরজা দিয়ে বাইরে এসে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম ছিনতাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশী তৎপরতা চলমান।
শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেন্ট্রাল রোডে প্রকাশ্য দিবালোকে ঘরের ভেতর ঢুকে একজন প্রবীণ শিক্ষিকার ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাহির আহমদ
মন্তব্য করুন: