শ্রীমঙ্গলে বন্ধ সড়ক মেরামত কাজ পরিদর্শন করলো স্থানীয় প্রশাসন

‘প্রথম সিলেট’-এ সংবাদ প্রকাশ

শ্রীমঙ্গলে বন্ধ সড়ক মেরামত কাজ পরিদর্শন করলো স্থানীয় প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০১/০৭/২০২৬ ২২:০৬:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগে শ্রীমঙ্গলের হোসনাবাদ এলাকায় তিন দিন ধরে সড়ক মেরামত কাজ বন্ধ থাকার বিষয়টি নিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘প্রথম সিলেট’-এ সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সংবাদটি নজরে আসার পরই আজ (১ জুলাই) ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যান স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


পরিদর্শন দলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুর রাকিব এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনাবাদ এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটির মেরামত কাজ চললেও শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় তিন দিন আগে কাজের গুণগত মান নিয়ে তীব্র আপত্তি জানিয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে এলাকায় স্থবিরতা ও অসন্তোষ তৈরি হলেও প্রশাসন নীরব ছিল।


পরবর্তীতে এই অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে নিউজ পোর্টাল ‘প্রথম সিলেট’-এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর পরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান।


পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, অনতিবিলম্বে সব ত্রুটি সংশোধন করে সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার প্রক্রিয়া গ্রহণ করা হবে।   


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আমরা কাজের গুণগত মান খতিয়ে দেখেছি এবং ঠিকাদারকে সিডিউল মোতাবেক ও সর্বোচ্চ মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুর রাকিব জানান, কাজের খুঁটিনাটি বিষয়গুলো আমরা কারিগরিভাবে মূল্যায়ন করেছি। যেখানে ত্রুটি পাওয়া গেছে, তা ভেঙে বা সংশোধন করে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।


উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী বলেন, জনগণের টাকার উন্নয়ন কাজে কোনো রকম নয়ছয় করতে দেওয়া হবে না। সংবাদ মাধ্যমের কল্যাণে বিষয়টি জানার পর আমরা আজ পরিদর্শনে এসেছি। আশা করি প্রশাসন ও প্রকৌশল বিভাগ নিয়মানুযায়ী টেকসই কাজ নিশ্চিত করবেন।


পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ মিয়া, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু এবং বিএনপি নেতা মশিউর রহমান রিপন।

শাহিন আহমেদ/ ডি আর ডি

মন্তব্য করুন: