খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম ডেস্ক

০৬/০৭/২০২৬ ১৮:৪২:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ ঘটনার জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামের এক যুবক খুন হয়েছেন।।

রোববার (৬ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। অভিযুক্ত আউয়াল শেখ (২৬) একই গ্রামের নাবিউল শেখের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় সোহাগ শেখ ও আউয়াল শেখের সন্তানদের মধ্যে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সোহাগ উভয়পক্ষের শিশুদের শাসন করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ৯টার দিকে আউয়াল শেখ বাড়িতে ফিরে সন্তানকে মারধরের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি ওই এলাকার দাউদ চৌকিদারের দোকানের সামনে গিয়ে সোহাগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে আউয়াল তার হাতে থাকা ছুরি দিয়ে সোহাগকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সোহাগ শেখ তিন সন্তানের জনক ছিলেন। তিনি ভ্যানে করে ছোলা-মুড়ি বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, ‘শিশুদের খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আউয়াল শেখ ছুরি দিয়ে সোহাগ শেখকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সজল আহমেদ

মন্তব্য করুন: