মাধবপুরে শিক্ষা কর্মকর্তাকে প্রধান শিক্ষকের ‘ইবলিশ’ সম্বোধন, ভিডিও ভাইরাল

মাধবপুরে শিক্ষা কর্মকর্তাকে প্রধান শিক্ষকের ‘ইবলিশ’ সম্বোধন, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৬/০৭/২০২৬ ২১:২০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসানকে উদ্দেশ্য করে এক প্রধান শিক্ষকের ‘ইবলিশ’ মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, আজ সোমবার (৬ জুলাই) একটি ফেসবুক পেজে ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল মিয়ার একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসানকে লক্ষ্য করে এই মন্তব্য করেন।

এর আগে, ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিয়োগ-সংক্রান্ত অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন প্রধান শিক্ষক হেলাল মিয়া।

ভিডিওটি প্রকাশের পর শিক্ষক সমাজেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, একজন সরকারি কর্মকর্তাকে উদ্দেশ্য করে গণমাধ্যমে এ ধরনের ভাষা ব্যবহার শিক্ষকদের পেশাগত মর্যাদা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী।

এ বিষয়ে প্রধান শিক্ষক হেলাল মিয়া বলেন, “আমরা শিক্ষকরা ওই কর্মকর্তার কাছে জিম্মি হয়ে আছি। ‘ইবলিশ’ শব্দটি রাগের মাথায় বলে ফেলেছি। তবে আমি আমার লিখিত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “যেকোনো বিষয়ে যে কেউ অভিযোগ করতেই পারে। তবে আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একজন সরকারি কর্মচারীকে নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত।”

ঘটনাটি ঘিরে মাধবপুরের শিক্ষা অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পুরো ঘটনার নিরপেক্ষ অনুসন্ধান এবং সুনির্দিষ্ট অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।

আর আর

মন্তব্য করুন: