জামালগঞ্জে ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেফতার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল (৫০) ও তাঁর সহযোগী আজিজুল হক (৬০) কে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এমরান হোসেন রুবেল উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের সুন্দর আলীর ছেলে এবং তাঁর সহযোগী আজিজুল হক একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমরান হোসেন রুবেল স্থানীয় রাজনীতির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর এই সিন্ডিকেটের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। সাধারণ মানুষ এর প্রতিবাদ করলে রুবেল ও তাঁর সহযোগীরা নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেখাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরিঘাট এলাকায় ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ সেখানে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে রুবেল ও আজিজুল হককে হাতেনাতে গ্রেফতার করা হলেও তোলা মিয়া নামে তাঁদের আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে (মামলা নং-১১)। মামলার পলাতক আসামি তোলা মিয়া ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের হাসিম উল্লাহর ছেলে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী প্রথম সিলেটেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত দুই আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে দলীয় নেতার এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় বিএনপি। জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক জানান, এমরান হোসেন রুবেল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুতই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একটি সভা আহ্বান করা হবে এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রকি ইসলাম/ প্রীতম দাস
মন্তব্য করুন: