ফ্রান্সকে হুশিয়ারি দিয়ে ইয়ামাল বললেন, “ভয় পাই না”

ফ্রান্সকে হুশিয়ারি দিয়ে ইয়ামাল বললেন, “ভয় পাই না”

প্রথম ডেস্ক

১৪/০৭/২০২৬ ১৫:১৯:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। ফরাসিদের মতো শক্তিশালী প্রতিপক্ষকে সামনে পেয়েও কোনো প্রকার বাড়তি চাপ বা ভয় কাজ করছে না ১৮ বছর বয়সী এই তারকার মনে।

চলতি বিশ্বকাপে এখনো গোল না পেলেও স্পেনের আক্রমণে নিয়মিত অবদান রাখছেন ইয়ামাল। নিজের বর্তমান ফর্ম নিয়ে সমালোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। বরং বড় মঞ্চে নিজেকে চেনাতে প্রস্তুত এই উইঙ্গার।

ফ্রান্সের বিপক্ষে স্পেনের সাম্প্রতিক সাফল্যও তাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। ২০২৪ ইউরো এবং ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েই ফাইনালে উঠেছিল স্পেন। এবার বিশ্বকাপের সেমিফাইনালেও সেই ধারা বজায় রাখতে চান তিনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নিজের মনোভাব স্পষ্ট করে ইয়ামাল বলেন, “অনেকে জানতে চেয়েছে আমি ভয় পাচ্ছি কি না। আমার উত্তর ছিল—না। ফুটবলে এমন ম্যাচ থাকবেই। আমি কোনো চাপ অনুভব করছি না। অনেকে বলছেন, আমি নাকি এখনো সেরা ছন্দে নেই। তাহলে প্রত্যাশাও হয়তো কম থাকবে। তবে আমার বিশ্বাস, আগামীকাল সবকিছু বদলে যাবে। আমার মনে হচ্ছে, দিনটি বিশেষ হতে যাচ্ছে।”

এই হাইভোল্টেজ ম্যাচটিকে সমানে সমান লড়াই হিসেবে দেখছেন ইয়ামাল। দুই দলের আক্রমণ ও রক্ষণভাগের শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “ম্যাচটি দারুণ হবে। সবাই এই লড়াইয়ের অপেক্ষায় আছে। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে, আবার রক্ষণেও মনোযোগী থাকবে। আমার মনে হয়, এটি সমানে সমান একটি ম্যাচ হবে। আর আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচও হতে পারে এটি।”

ম্যাচের আগের প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হলে বেশ ফুরফুরে মেজাজে থাকা ইয়ামাল বলেন, “আমি খুবই স্বাভাবিক আছি। এখন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব, তারপর চুল কাটাব।”

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad