কমলগঞ্জে দিনব্যাপী অভিযানে বন বিভাগের ৫ একর জমি উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের প্রায় পাঁচ একর জমি দখলমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটের কালিঞ্জি এলাকায় দিনব্যাপী অভিযানে অবৈধভাবে গড়ে তোলা বিশাল ফলের বাগান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ জানায়, সংরক্ষিত বনের ৫ একর জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে সেখানে বাণিজ্যিকভাবে মাল্টা, আনারস, লেবু ও সুপারি চাষ করা হচ্ছিল। অভিযানে এসব বাগান উচ্ছেদ করে পুরো এলাকা বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযানে বন বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানা-পুলিশের সদস্যরা অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)।
অভিযান চলাকালে বনের জমিতে নির্মিত বাঁশ ও পলিথিনের দুটি অস্থায়ী ঘর এবং একটি ওয়াচার শেড ভেঙে ফেলা হয়। এ ছাড়া সংরক্ষিত বনাঞ্চলের একটি জলাশয়ে বাঁধ দিয়ে তৈরি করা পুকুরের পাড় কেটে দিয়ে পানির প্রাকৃতিক প্রবাহ পুনরায় সচল করা হয়।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা জানান, সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার এবং বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জবরদখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: