নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জুয়েল মিয়া কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন।
স্বজনেরা জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জুয়েল ঘুমাতে যান। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাড়ির পাশের খালের পাড়ে পা পিছলে পানিতে পড়ে যান। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি আর উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন বাড়ির পাশের খালের পানিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়।
যুবকের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।
স্বপন রবি দাস / ডিডি
মন্তব্য করুন: