রথযাত্রাকে ঘিরে জামালগঞ্জে উৎসবের আমেজ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজার শ্রী শ্রী জগন্নাথ জিউ-র মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এই পূণ্যতিথিকে কেন্দ্র করে উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে এক অভূতপূর্ব ও আনন্দঘন উৎসবের আমেজ বিরাজ করছে।
সনাতনী ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের এক আধ্যাত্মিক মাধ্যম। জগন্নাথ শব্দের অর্থ ‘জগতের নাথ’ বা ঈশ্বর। ভক্তদের দর্শন দিতে এবং জগতকে কৃপা করতেই এই দিনে ভগবান জগন্নাথ, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, রথের রশি টানলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং পুণ্য লাভ হয়।
এই ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ধারণ করে সকাল থেকেই সাচনা বাজার শ্রী শ্রী জগন্নাথ জিউ-র মন্দিরে জড়ো হতে থাকেন হাজারো পুণ্যার্থী। দুপুর গড়াতেই ধর্মীয় আচার-অনুষ্ঠান, মঙ্গল আরতি, হরিনাম সংকীর্তন আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
বিকেলে বর্ণিল সাজে সজ্জিত রথের রশি টেনে উৎসবের শুভ সূচনা করেন উপস্থিত ভক্তবৃন্দ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রথটান অনুষ্ঠানটি এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। শান্তি ও বিশ্ব কল্যাণের প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা। আগামী আট দিন পর ফিরতি রথ বা ‘উল্টো রথযাত্রা’র মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
রকি ইসলাম/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: