সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী।
অবশ্য গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহানকে ফেরত পাঠানো হয়েছিল। বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: