হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস-পাটওয়ারী আহত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর এবং এনসিপির নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া যায়।
ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর পরিকল্পিত হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা নেননি। হামলাকারীরা মিডিয়া টিমের ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং চালক ও মিডিয়া কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সারজিস আলমসহ স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। কারও হাত ও পা ভেঙে যাওয়ারও অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী এ হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের, তাদের মদদদাতাদের এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সমাবেশ শেষে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে থানার মোড় এলাকায় তাদের বহরের ওপর হামলা হয়। পরে নিরাপত্তার স্বার্থে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম একটি ব্যাংকে আশ্রয় নেন।
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।
তিনি বলেন, হবিগঞ্জ শান্তিপ্রিয় এলাকা। বাইরে থেকে এসে কিছু ব্যক্তি উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় উত্তেজিত জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেন তিনি।
রিংগন আরও বলেন, উস্কানিমূলক বক্তব্যের কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিপি নিজেদের প্রচারের জন্য ছাত্রদলের নাম ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, জুলাই জাগরণ পদযাত্রা ২০২৬ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মঙ্গলবার হবিগঞ্জ আসেন। সকালে তারা আজমিরীগঞ্জ উপজেলা সদরে পদযাত্রা কর্মসূচি পালন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও হয়।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: