ঝলক চৌধুরী এর একগুচ্ছ বাউল গান ‘রসিক সুজন ও অন্যান্য’
বন্ধু আও রে একবার
*
বন্ধু আও রে একবার
সুন্দর সুন্দর গান তোমারে দিমু উপহার।।
দেখিতে তোমারে উদাস যে এই মন আমার,
সুন্দর সুন্দর গান....।।
বন্ধু আমি বাঁচি তোমার আশে....
তুমি ছাড়া আমি কিসের?
না থাকিলে তুমি পাশে
বাঁচার কী মূল্য আছে?
মরণের অপেক্ষা করে
ডাকি তোমায় বারে বার,
সুন্দর সুন্দর গান....।।
তুমি বন্ধু দূর বিদেশি....
কেমনে তোমার কাছে আসি।।
পড়িয়া প্রেম-ফাঁসি
নয়ন জলে সদা ভাসি,
বিরহের আগুনে পুড়ে,
দেহ-মন হইল আঙ্গার
সুন্দর সুন্দর গান....।।
আমি শুইলে দেখি স্বপনে....
আসো তুমি ক্ষণে ক্ষণে ।।
আকুল হওয়া এই প্রাণে
শান্তি মিলে আগমনে,
জাগিয়া ঘুমের পরে
করে ঝলক হাহাকার।।
সুন্দর সুন্দর গান....।।
রসিক সুজন
*
রসিক সুজন, মন মহাজন
মনের ঘরেই রয়,
বাহির ঘরের উচাটনে,
তার খবর না কেহ লয়।।
রসিক যে জন, রসে ভরাই মন
আরশিকে ভেবে মরে করবে কী তখন।।
ভাও না বুঝে, রসের খুঁজে
অকারণেই মাতাল হয়
বাহির....।।
হতে হলে, রসিক সুজন , ভাই
আপনারে আপন কাজে ভাঙ্গ রে সদাই।।
তবেই কয় ঝলকে সর্ব সুখে
হবে তোমার জন্মময়।।
বাহির....৷৷
হিন্দু-মুসলমান
*
হিন্দু বল, খ্রিস্টান বল্
বৌদ্ধ, কিংবা মুসলমান,
একই স্রষ্টার সৃষ্টি মোরা
এক মায়ের সন্তান।।
জন্ম থেকে মৃত্যু অবধি
একই পথে নিরবধি
আসা যাওয়া দিবারাত্রি হয় না অবসান।।
আবার একই অর্থে, ভিন্ন মতে
সাজাইয়াছেন ভেদ-বিধান,
একই....।।
সৃষ্টির সেরা মানুষ জাতি
তার উপরে নাই
আগে সৃষ্টি, পরে ধর্ম
ঝলক ভাবে তাই।
করে মিছা ধর্মের লড়াই
আর, নিও না মানুষের প্রাণ,
একই....।।
উচিত কথা
*
উচিত কথা কইলে মাইনসের শইল জ্বলে,
রসাইল কথা রসে ভরা তাই তাতে আনন্দে গলে।।
অনুচিতের নাই অনাচার
উচিতের সব হয়রে বিচার,
সবাই করে দুর্ব্যবহার
উচিত জনরে সেবে পেলে।।
উচিত কথায় ধরে মাথা
অনুচিতে কমায় ব্যথা,
বুঝবা যেদিন খাইবা গুতা
আসল ব্যথা উদয় হলে।।
বাউল ঝলক ভেবে বলে
অনুচিতে ডুবে গেলে।।
সঠিক সময় ঠেকবা মূলে
কূল হারাবা সকল কূলে।।
বোঝ
*
কী বোঝাইবা কোন জন,
নিজে বোঝে মানছো নি কও নিজের আয়োজন।।
হায়রে আমার অবুঝ মন।
এ মন বিষয় জেনে আইন মানে না
নিজেই হয় না নিজের মতন।।
প্রত্যেক মানুষে আমরা কতই বা কী জানি
নিজের বেলায় কানা-কোনা
পরকে বোঝায় ষোলআনা, সাজিতে গিয়ানি।।
এইসব গিয়ানির হাল ভালো যায় না চিরকাল তারা।।
কাল হতে মহাকাল কাটায় বেঁচে থেকেও মরার মতন
হায়রে....।।
বাউল ঝলক চিন্তা করে একাকি মনে
সৃষ্টির সেরা মানুষ আমরা,
হইলাম কেমনে এই সুন্দর ভুবনে।।
তারা দুঃখ পাইয়া শান্তি চাইয়া আবার যায় অমানুষ হইয়া।।
কেউ কইয়া কেউ বা সইয়া এরই মাঝে শেষ হয় জীবন।
হায়রে....।।
প্রথম সিলেট সাহিত্য ডেস্ক
মন্তব্য করুন: