অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে টেস্ট দলে লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে টেস্ট দলে লিটন

প্রথম ডেস্ক

০১/০৮/২০২৬ ১৬:৪৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন লিটন দাস। সেই অগ্রগতির ভিত্তিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে শেষ মুহূর্তে তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ১৩ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে তার নাম ছিল না।

জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কাফ মাসলে চোট পাওয়ার পর মাঠের বাইরে রয়েছেন লিটন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও ফিট না থাকায় কোনো ম্যাচে খেলতে পারেননি।

চিকিৎসা ও পুনর্বাসনের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে যান। সে সময় বিসিবি জানিয়েছিল, ১২ আগস্ট ফিটনেস মূল্যায়নের পর তাঁর মাঠে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণেই প্রথম ঘোষিত টেস্ট দলে রাখা হয়নি এই উইকেটকিপার-ব্যাটারকে।

তবে পুনর্বাসনে ইতিবাচক অগ্রগতি হওয়ায় পরিস্থিতি বদলেছে। বিসিবির একটি সূত্র জানায়, লিটন এখন আগের তুলনায় অনেক ভালো অনুভব করছেন। তিনি আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করবেন। এরই মধ্যে তিনি ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর লিটনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং প্রথম টেস্টের একাদশ বিবেচনায়ও তিনি থাকতে পারেন।

এদিকে চোটের কারণে সিরিজজুড়েই বাংলাদেশ দলে থাকছেন না পেসার নাহিদ রানা। সাইড স্ট্রেইনের কারণে তিনি ছিটকে গেছেন। প্রথম টেস্টে ইনজুরির কারণে অনুপস্থিত থাকছেন আরেক পেসার শরীফুল ইসলামও। এমন পরিস্থিতিতে লিটনের দলে ফেরা বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন দাস।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad