হবিগঞ্জে বিএনপির সংঘর্ষ : চোখ হারাতে বসেছেন সেই পুলিশ সদস্য

হবিগঞ্জে বিএনপির সংঘর্ষ : চোখ হারাতে বসেছেন সেই পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৫/০৮/২০২৬ ২০:৩৬:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হওয়া পুলিশ সদস্য মো. জোবাইদ উল্লাহ মুন্সীর ডান চোখের অবস্থা আরও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার ডান চোখটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো চোখ থেঁতলে যাওয়ার পাশাপাশি চোখের নার্ভও ফুলে গেছে। ফলে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, গত ২৯ জুলাই বুধবার রাত প্রায় ৮টার দিকে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা চলাকালে নবীগঞ্জ উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক রাসেদ মিয়া এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় প্রায় এক ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে সংঘর্ষের মধ্যে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

তাদের মধ্যে মো. জোবাইদ উল্লাহ মুন্সী গুরুতর আহত হন। প্রথমে তাকে সিলেটে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ৩১ জুলাই শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বুধবার দুপুরে সময়ের আলোকে জানান, আহত পুলিশ সদস্যের চোখের অবস্থা এখনও আশঙ্কাজনক।

তিনি বলেন, আগামীকাল (৬ আগস্ট) বৃহস্পতিবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফলের পরই নিশ্চিতভাবে বলা যাবে তার ডান চোখটি রক্ষা করা সম্ভব হবে, নাকি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে হবে।

স্বপন রবি দাস/ চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad