চুনারুঘাটে পিকআপ ভর্তি গাঁজা, তিন মাদক কারবারি গ্রেপ্তার
হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় অভিযানটি চালায় র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার মধ্য ঘনশ্যামপুর গ্রামের মৃত মিন্নত আলী মীরের ছেলে মো. শিমু মীর (৪২) এবং একই গ্রামের রঙ্গু মিয়ার দুই ছেলে পিন্টু মিয়া (২৫) ও ইলিয়াস মিয়া (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তিরা। পরে তাদের গতিরোধ করে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: