হবিগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি: ক্ষুব্ধ সেবাগ্রহীতার তোপের মুখে কর্তৃপক্ষ

ভিডিও ভাইরাল

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে ভোগান্তি: ক্ষুব্ধ সেবাগ্রহীতার তোপের মুখে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০৮/২০২৬ ১৮:০০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে দীর্ঘসূত্রতা ও হয়রানির শিকার হয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এক সেবাগ্রহীতা। সেখানে দায়িত্বরত কর্মীদের ওপর তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর একটি দৃশ্য ধারণ করে উপস্থিত সাধারণ মানুষ তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটিকে কেন্দ্র করে পাসপোর্ট অফিসটির প্রশাসনিক শৃঙ্খলা ও সেবার মান নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।


ভিডিওটিতে দেখা যায়, পাসপোর্ট সংক্রান্ত কাজ নিয়ে আসা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ঘোরাঘুরির পর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। সেবাপ্রাপ্তিতে একের পর এক জটিলতার কারণে একপর্যায়ে মেজাজ হারিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

ঘটনার পর থেকে সরকারি নিয়ম মেনে সেবা পেতে গিয়ে সাধারণ মানুষের হয়রানির বিষয়টি আবারো নতুন করে আলোচনায় এসেছে। সেবাগ্রহীতাদের একাংশের দীর্ঘদিনের অভিযোগ—সরাসরি বা দালালের সহায়তা ছাড়া আবেদন করলে ফাইল আটকে রাখা, বারবার ঘুরানোসহ নানা বাহানায় সেবা বিলম্বিত করা হয়। অন্যদিকে, মধ্যস্বত্বভোগী বা দালাল চক্রকে বাড়তি অর্থ দিলে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত কাজ শেষ হয়ে যায়। নিয়ম মেনে সরকারি ফি দিয়েও নাগরিকদের সময় ও বাড়তি অর্থ অপচয় হওয়ার বিষয়টি জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সচেতন মহল বলছেন, একজন নাগরিকের সরকারি অফিসে কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি সেবা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। ঝঞ্জাটমুক্ত ও স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে এই অফিসের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরি।

এ বিষয়ে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. নূরুল হুদার অবস্থান জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে ওই সেবাগ্রহীতার বিষয়ে কর্তৃপক্ষের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ভিডিওর পেছনে থাকা মূল প্রশাসনিক সংকট চিহ্নিত করে সেবার মান উন্নত করতে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad