তাহিরপুরে শান্তিপুর নদীতে বালু উত্তোলন: ৪ জনের ৩০ দিনের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি বাল্কহেড ও চারটি নৌকা আটক করা হয়।
সোমবার (১৭ আগস্ট) শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আটক বাল্কহেডটি তাহিরপুর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা চারটি নৌকা বিনষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।
এদিকে পৃথক এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুল আলম আখঞ্জী/ ডিডি
মন্তব্য করুন: