সুনামগঞ্জে কোরআনের আয়াত লেখা কাগজে প্রশ্নপত্র মোড়ানো

মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ

সুনামগঞ্জে কোরআনের আয়াত লেখা কাগজে প্রশ্নপত্র মোড়ানো

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৮/০৮/২০২৬ ১৭:৪৯:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র পবিত্র কোরআন শরীফের সূরা ও আয়াত সংবলিত কাগজে মোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট)বিকেলে দিকে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হয়। বিদ্যালয়গুলোতে পাঠানো প্রশ্নপত্রের প্যাকেট খুলে দেখা যায়, সেগুলো মোড়ানো হয়েছে এমন কাগজ দিয়ে, যেখানে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরা ও আয়াতের লেখা রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

প্রশ্নপত্র বহনকারী একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যালয়ে নেওয়ার পথে প্রশ্নপত্রের মোড়ানো কাগজ দেখে তাঁদের বিষয়টি নজরে আসে। পরে প্যাকেট করা কাগজে কোরআনের সূরা ও আয়াতের লেখা দেখতে পান তাঁরা।

স্থানীয় এক অভিভাবক বলেন,পবিত্র কোরআনের আয়াত লেখা কাগজ অত্যন্ত সম্মানের বিষয়। এ ধরনের কাগজ দিয়ে প্রশ্নপত্র মোড়ানো কোনোভাবেই কাম্য নয়। প্রশ্নপত্র প্রস্তুত, মোড়ানো ও সরবরাহের আগে বিষয়টি যাচাই করা প্রয়োজন ছিল।

শিক্ষকদের অভিযোগ, প্রশ্নপত্রের মোড়ানো কাগজে কোরআনের আয়াত থাকার বিষয়টি জানার পরও তাৎক্ষণিকভাবে দৃশ্যমান ও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশ্ন উঠেছে, প্রশ্নপত্র প্রস্তুত, প্যাকেটজাত ও বিদ্যালয়ে সরবরাহের প্রতিটি ধাপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ছিল কি না।

বাজারের ব্যবসায়ী সৌরভ বলেন, আমার দোকানে কয়েকজন শিক্ষক কোরআনের আয়াত ও সূরা সংবলিত কাগজে মোড়ানো প্রশ্নপত্র নিয়ে আসেন। আমি দেখে প্রশ্ন করলে শিক্ষকগণ উত্তর দেন কাগজে মোড়ান প্রাথমিক শিক্ষার্থীদের প্রশ্নপত্র রয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় শিক্ষক ফোরামের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা সালমান আহমদ সুজন বলেন, শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী সবাই শিক্ষিত। ধর্মীয় অনুভূতির মতো স্পর্শকাতর বিষয়ে এ ধরনের দায়সারা কাজ মেনে নেওয়া যায় না। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসকে দায় নিতে হবে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

তবে অভিযোগের বিষয়ে তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার সোলেমানিয়া বলেন, পবিত্র কোরআনের আয়াত ও সূরা সংবলিত কাগজে মোড়ানো প্রশ্নপত্র বিভাগীয় শহর থেকে এসেছে। বিষয়টি দেখার পর বণ্টনকারীদের ওই কাগজ খুলে অন্য কাগজে পুনরায় মোড়ানোর জন্য বলেছি।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


লতিফুর রহমান রাজু/রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad