তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা রেখে বিক্রির সময় কারবারি আটক

তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা রেখে বিক্রির সময় কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৯/০৮/২০২৬ ১৮:১৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিনব কায়দায় ছাতার ভেতরে লুকিয়ে ইয়াবা বিক্রির সময় আব্দুস সাত্তার মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ-আনন্দ বাজার এলাকা থেকে তাকে আটক করে গ্রামবাসী ও স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা।

আটক আব্দুস সাত্তার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুস রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার ছাতার ভেতরে ইয়াবা লুকিয়ে কেনাবেচা করছেন - এমন গোপন সংবাদ পেয়ে মাদক নির্মূল কমিটির সদস্যরা আনন্দ বাজারে অবস্থান নেন। পরে তাকে তল্লাশি করে ছাতার ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ সাত্তারকে হেফাজতে নেন। পরে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতা ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শামসুল আলম আখঞ্জী/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad