ছাতকে রেলওয়ের ভূমিতে অবৈধ গরুর হাট, ২৭ আগস্টের মধ্যে সরানোর নির্দেশ
ছাতকে রেলওয়ের ভূমিতে অবৈধভাবে গরুর হাট বসানোর অভিযোগে শিমুল বারী নামে এক ব্যক্তিকে নির্মিত স্থাপনা ও গরুর হাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে, ঢাকার কার্যালয় থেকে ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আফজলাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের কানুনগো সরেজমিন পরিদর্শনকালে দেখতে পান, ছাতক বাগবাড়ি এলাকার বাসিন্দা শিমুল বারী, পিতা-মৃত আব্দুল মুক্তাদির, রেলওয়ের ভূমিতে অবৈধভাবে গরুর হাট বসানোর জন্য বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে শেড নির্মাণ করেছেন।
চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে বারবার মৌখিকভাবে বাধা দেওয়া সত্ত্বেও তিনি ওই স্থানে বাঁশ ও ত্রিপল দিয়ে ছাউনি তৈরি করে গরুর হাটের কার্যক্রম অব্যাহত রেখেছেন। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, এ ধরনের কার্যক্রম রেলওয়ে আইনের সম্পূর্ণ পরিপন্থী।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ জহুরুল ইসলাম ‘Notice For Demanding Justice’-এর মাধ্যমে অবৈধ গরুর হাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার চিঠিতে শিমুল বারীকে রেলওয়ের ভূমি থেকে তার নির্মিত বাঁশ ও ত্রিপলের ছাউনি এবং গরুর হাট ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা ও গরুর হাট সরিয়ে না নিলে তা উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চিঠিটির অনুলিপি সদয় অবগতির জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব), প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: