দায়িত্ব ভাগ পেলেন চার এডিসি
গণমাধ্যমে সরাসরি বক্তব্য দেবেন না সুনামগঞ্জের জেলা প্রশাসক
জনসেবা, তথ্যপ্রদান, অভিযোগ গ্রহণ এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) সরাসরি যোগাযোগের পথ সংকুচিত করল সুনামগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান নিজে গণমাধ্যমে বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসবের দায়িত্ব চারজন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) মধ্যে বণ্টন করে দিয়েছেন।
গত বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে এ সিদ্ধান্তের পর সুনামগঞ্জের সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, এখন থেকে আইনশৃঙ্খলা, চোরাচালান রোধ, বর্ডার হাট, মোবাইল কোর্ট, টাস্কফোর্স অভিযান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসংক্রান্ত তথ্যের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।
জলমহাল ও বালুমহাল ইজারা, ভূমি উন্নয়ন কর, রাজস্ব আদায় এবং নামজারিসহ ভূমি-সংক্রান্ত তথ্যের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলকে।
শিক্ষা প্রতিষ্ঠান, আইসিটি, শিল্পকলা ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তাসংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
এ ছাড়া জাতীয় দিবস উদযাপন, এনজিও কার্যক্রমের প্রত্যয়ন ও সরকারি দপ্তরগুলোর সমন্বয়সহ অন্যান্য বিষয়ের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। আদেশে প্রতিটি কর্মকর্তার মুঠোফোন নম্বর উল্লেখ করে স্ব-স্ব বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এই আদেশের পর স্থানীয় সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে উষ্মা ও ব্যঙ্গ-বিদ্রূপ প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্ন—জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বড় কোনো ঘটনার ক্ষেত্রে জেলা প্রশাসকের সরাসরি বক্তব্য পাওয়ার সুযোগ আগের মতো থাকবে কি না?
বিষয়টি সম্পর্কে জানতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান বলেন, "বিষয়টি জেলা প্রশাসকের কাছ থেকে জেনে বলতে পারব। তবে গণমাধ্যমকর্মীদের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে কোনো প্রশাসনিক বিধিনিষেধ থাকার কথা নয়।"
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: