স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
কারাবন্দি থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ঢাকার কলাবাগানের বাসভবনে পৌঁছেছেন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকায় আনা হয়। পরে সকাল ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপু মনির উপস্থিতিকে কেন্দ্র করে ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সল ইসলাম জানান, স্বামীর শেষকৃত্যে অংশ নিতে তারা চার দিনের প্যারোলের আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন। এর ফলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েছেন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাকে আবার কারাগারে ফিরতে হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে তৌফীক নাওয়াজের মরদেহ কলাবাগানের বাসভবনে নেওয়া হয়। পরে নিচতলার গ্যারেজে একটি ফ্রিজিং ভ্যানে মরদেহ রাখা হয়। সেখানে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও হাফেজদের কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তৌফীক নাওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
স্বজনেরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুতে দীপু মনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধ্রুপদি সংগীতচর্চাকারী তৌফীক নাওয়াজের বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দীপু মনি গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও মুন্সীগঞ্জে একাধিক মামলা রয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: