তাহিরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘর হামলা ও ভাঙচুরের অভিযোগ

তাহিরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘর হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২১/০৮/২০২৬ ১৭:১৯:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের লোকজনের হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, নিরাপত্তা নিশ্চিত ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্টিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্যে জানান, উপজেলার ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে গত ১৫ আগস্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৬ আগস্ট একই গ্রামের রানা মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর নুরসহ তার আত্মীয় স্বজনের ৮-৯ টি বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় বাড়িতে থাকা লোকজন পালিয়ে জীবন রক্ষা করলেও হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ধান, গরু, নৌকা, মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ১৭ আগস্ট একই হামলাকারীরা আবারও আব্দুর নুরের অন্যান্য আত্মীয় স্বজনের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ ভরি সোনা, নগদ ৮০ হাজার টাকা, ১০০ মণ ধান, গবাদিপশু ও পাওয়ার টিলারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তামান্না বেগমকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টা করে।

এ ঘটনায় আছমা খাতুন গত ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

রুমা আক্তার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেন, বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক আহমদ জানিয়েছেন,এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শামসুল আলম আখঞ্জী / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad