বড়লেখায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা শ্বশুরবাড়ির

বড়লেখায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

২৯/০৮/২০২৬ ১৯:২২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় মরিয়ম আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরিবারের দাবি, হত্যার পর মরদেহ বাথরুমের কাঠের বীমের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না এবং একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে তাঁদের হুমকি দিচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত মুন্নির পরিবার। লিখিত বক্তব্যে মুন্নির মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, মামলা গ্রহণ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিহত গৃহবধূর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর খালাতো ভাই মাছুম আহমদ। এ সময় মুন্নির বাবা হাজী মকবুল আলী ও মা রেনু বেগম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৩ সালে বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামের সৌদিপ্রবাসী মামুনুর রশিদের সঙ্গে মুন্নির বিয়ে হয়। তাঁদের এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে মুন্নির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দেওয়া হলেও নির্যাতন থামেনি; বরং ঋণের কিস্তি শোধের জন্য আরও টাকার চাপ দেওয়া হতে থাকে।

পরিবারের অভিযোগ, ঘটনার দিন ২১ আগস্ট নির্যাতনের পর মুন্নি তাঁর বাবা-মাকে ভিডিও ও বার্তা পাঠিয়ে জীবনঝুঁকির কথা জানিয়েছিলেন। খবর পেয়ে স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে বাথরুমে দরজাহীন অবস্থায় কাঠের বীমে মুন্নির মরদেহ ঝুলতে দেখেন।

মুন্নির বাবা হাজী মকবুল আলী বলেন, “মরদেহ নামানোর পর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। আমার মেয়ের ফোনটি এখনো উদ্ধার হয়নি, যেটিতে নির্যাতনের সব ভিডিও ও প্রমাণ রয়েছে। এছাড়া ঘটনার পর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ময়নাতদন্ত না করানোর জন্য চাপ দিয়েছিল।” ময়নাতদন্ত প্রতিবেদন যাতে কোনো প্রভাবে প্রভাবিত না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “লাশ উদ্ধারের পর একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক লক্ষণ দেখে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad