কমলগঞ্জে ১৬ বছরের শিমলা নিখোঁজ, সিসিটিভি ফুটেজে পিস্তলের দৃশ্য
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মোছা. শিমলা আক্তার (১৬) নামে এক কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ২৯ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে প্রসাধনসামগ্রী কেনার জন্য নিজ বাড়ি থেকে নইনার পাড় বাজারে গিয়ে সে আর ফিরে আসেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ৩০ আগস্ট কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাবা মো. আলতা মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, নইনার পাড় বাজারের সিসিটিভি ফুটেজে শিমলাকে উত্তরভাগ গ্রামের লীলা বেগম নামে এক নারীর সঙ্গে ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। এ বিষয়ে লীলা বেগম জানান, ব্রিজের ওপর শিমলার সঙ্গে তার দেখা হলে সে পারিবারিক কলহের কথা জানায়। বাবার সঙ্গে অভিমান করে একটি সিএনজি অটোরিকশা ঠিক করে দেওয়ার আকুতি জানায় সে। তাকে বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করলেও সে কথা না শুনে চলে যায় বলে দাবি ওই নারীর।
এদিকে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণকে কেন্দ্র করে গত রাতে উত্তরভাগ গ্রামের ব্যবসায়ী সাহান মিয়ার দোকানের সামনে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাকবিতণ্ডার একপর্যায়ে সাহান মিয়া দোকান থেকে সিলভার রঙের একটি রিভলভার বের করে উপস্থিত লোকজনকে গুলি করার ভয় দেখান। পরবর্তী সময়ে ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিনের মাধ্যমে একটি কালো রঙের খেলনা পিস্তল আলতা মিয়ার বাড়িতে পাঠানো হয়।
বিষয়টি স্বীকার করে ইউপি সদস্য আজিম উদ্দিন বলেন, "ব্যবসায়ী সাহান মিয়া আমাকে একটি খেলনা পিস্তল দিলে সেটি আমি আলতা মিয়ার বাড়িতে পৌঁছে দিই। পুরো এলাকা খুঁজেও মেয়েটিকে এখনো পাওয়া যায়নি।"
অবশ্য রিভলভার প্রদর্শনের বিষয়টি অস্বীকার করে ব্যবসায়ী সাহান মিয়া জানান, তার কাছে কোনো বেআইনি অস্ত্র নেই। দোকানের সামনে হট্টগোল ও গালিগালাজ করায় ভয় দেখাতে তিনি ছেলের খেলার পিস্তল ব্যবহার করেছিলেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন জানান, নিখোঁজ কিশোরীর বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত করছে। শিমলার সর্বশেষ গতিবিধি শনাক্তের পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: