বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না
বেশ কয়েক দিন ধরে নিরবতার পর হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট অবসরের ঘোষণা দেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি। তিনি ২০২০ সালের ১৫ আগস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন। তার অবসরের কয়েক মিনিটের মধ্যেই একই পথে হাঁটেন ভারতের বাঁ হাতি ব্যাটার সুরেশ রায়না।
এই ঘোষণার মধ্যে দিয়ে দেশটির ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আবেগঘন সমাপ্তি ঘটে। আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংসের বায়ো-বাবলে থাকা অবস্থায়ই তারা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন। নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর সিএসকে-এর ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে পরবর্তীতে মুখ খোলেন রায়না।
ভারতের সাবেক ব্যাটারের ভাষ্যমতে, রায়নার অবসরের সময়টি ধোনিকে অবাক করেছিল এবং রায়না যে এত দ্রুত এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। একটি সাক্ষাৎকারে সেই মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে বাঁ হাতি এই ব্যাটার জানান, অবসরের ঘোষণার পর তিনি ড্রেসিংরুমে গিয়ে ধোনিকে বলেছিলেন, কাজটা হয়ে গেছে।
ধোনির তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই তার সেই অপ্রত্যাশিত সিদ্ধান্তের প্রতি বিস্ময় ফুটে উঠেছিল। খেলাটাই তো আসল, তাই না? একজন খেলোয়াড় হিসেবে এর জন্যই তো বেঁচে থাকা। দেশের জন্য কত কী করা হয়, বাবা-মায়েরাও কত ত্যাগ স্বীকার করেন। কিন্তু ওই মুহূর্তে মনে হয়েছিল এটাই সেরা সিদ্ধান্ত। কারণ নানা ঘটনা তো ঘটতেই থাকে। আপনি হয়তো পরিবারের সাথে সময় কাটাতে চেয়েছিলেন। তখন আমার বয়স ৩২ কি ৩৩, যা-ই হোক না কেন। তবে ড্রেসিংরুমে যখন ধোনি কাজটা করল, আমি ভেতরে গিয়ে বললাম, হয়ে গেছে। ও তখন বলল, এ কী করলি তুই?
চেন্নাই পৌঁছানোর পরই ধোনি অবসরের ঘোষণা দেবেন, তা রায়না আগে থেকেই জানতেন। তাই সেই মুহূর্তটির জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। একই দিনে অবসর নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন এই দুই খেলোয়াড়। তাদের জুটির মূল ভিত্তি ছিল পারস্পরিক ত্যাগ।
রায়না জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারে তাকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে খেলার সুযোগ করে দিতে ধোনি নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিয়েছিলেন। অধিনায়ক না থাকার সময় ধোনি ওপরের দিকে ব্যাট করতেন, কিন্তু পরে রায়নাকে গুরুত্বপূর্ণ পজিশনে খেলার সুযোগ দিতে তিনি নিজেই নিচের দিকে ব্যাট করার দায়িত্ব তুলে নেন।
দলে থাকার সময়ে স্মৃতিচারণ করে রায়না বলেন, আমার মনে হয়, সেই সময়ে আপনি অধিনায়কের জন্য খেলতেন, দলের জন্য খেলতেন। তবে আমি অধিনায়কের কথা কেন বলছি, কারণ ব্যাটিং পজিশনের ক্ষেত্রে আমি যে সুযোগটা পেয়েছিলাম, তার জন্য অধিনায়ক নিজের পজিশনটাই ছেড়ে দিয়েছিলেন। দাদা (সৌরভ গাঙ্গুলি) যখন অধিনায়ক ছিলেন, তখন ধোনি ওপরের দিকে ব্যাট করতেন। কিন্তু পরে তিনি নিজেই দায়িত্ব নিয়ে বলতেন, যুভি পা (যুবরাজ সিং), তুই ওপরে যা; সুরেশ তুই এখানে খেল; আমি বরং নিচের দিকেই খেলছি।
রায়না জানান, নিজের ব্যাটিংয়ের অবস্থান ছেড়ে দেওয়ার মাধ্যমে ধোনি যে উদারতা দেখিয়েছিলেন, তার খেলার ধরনে গভীর প্রভাব ফেলেছিল। দলের হয়ে নিজের সেরাটা দিয়ে সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য রায়না অনুপ্রাণিত বোধ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, ধোনি যখন তার দক্ষতার ওপর এতটা আস্থা রেখেছেন, তখন মাঠের পারফরম্যান্সেও তাকে ধারাবাহিক প্রচেষ্টা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।
ধোনির সেই ত্যাগ এবং তাদের মধ্যকার গভীর সম্পর্কের জন্য রায়না কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ হিসেবে তিনি কেমন, তা তো আপনারা জানেনই। তবে আমার মনে হয়, কেউ যদি আপনার জন্য এতটা ত্যাগ স্বীকার করেন, তবে তার প্রতিদান দেওয়ার মানসিকতাও আপনার থাকা উচিত। কারণ টাকা তো সবারই থাকে, কিন্তু তা খরচ করার মতো বড় মনের প্রয়োজন হয়। আমাদের সেই বন্ধুত্বের মানসিকতা ছিল এবং তা চিরকাল অটুট থাকবে।
ভারতের হয়ে রায়নার আন্তর্জাতিক ক্যারিয়ারে ছিল ২২৬টি ওয়ানডে, ৭৮টি টি-টোয়েন্টি এবং ১৮টি টেস্ট ম্যাচ। ২০২১ সালের আইপিএলে তিনি তার শেষ পেশাদার ম্যাচটি খেলেন এবং ধোনির সাথে চেন্নাই সুপার কিংসের হয়ে চারটি আইপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানেন।
রত্না বাউরী
মন্তব্য করুন: