মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

প্রথম ডেস্ক

০১/০৯/২০২৬ ১১:১৪:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যে বিদায়ের কথা কেউ শুনতে চাননি, শেষ পর্যন্ত সেটিই বাস্তব হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ও আবেগঘন ভিডিও প্রকাশ করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। রোজারিওর এই তারকার বিদায়ের সঙ্গে শুধু একটি যুগের সমাপ্তিই নয়, আর্জেন্টিনা দলের সামনে তৈরি হয়েছে নতুন এক প্রশ্ন—এবার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে?

মেসি প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন ২০০৯ সালের ২৮ মার্চ। তখন দলের কোচ ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে ৪-০ ব্যবধানে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০ নম্বর জার্সিতে নিজের অধ্যায়ের শুরুটা স্মরণীয় করে রেখেছিলেন মেসি। এরপর দীর্ঘ সময় ধরে এই জার্সির সঙ্গে তাঁর নামটাই হয়ে উঠেছিল সমার্থক।

মেসির পর সর্বশেষ ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় তার গায়ে ছিল মেসির সেই জার্সি। ম্যাচটি অবশ্য ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ১০ নম্বর জার্সিতে দেখা গেছে অ্যাঞ্জেল কোরেয়াকে। চিলির বিপক্ষে এই জার্সি পরার সুযোগ পেয়েছিলেন পাওলো দিবালাও। তবে তাদের কেউই সর্বশেষ বিশ্বকাপের দলে ছিলেন না।

জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকজন অবশ্য নিজেদের ক্লাবে ১০ নম্বর জার্সি পরে খেলছেন। ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোমোর নিকোলাস পাজের ক্লাব জার্সির নম্বর ১০।

এ তালিকায় আরও কয়েকটি পরিচিত নাম রয়েছে। রদ্রিগো দি পল রেসিং ও উদিনেসেতে ১০ নম্বর পরেছেন। বোকা জুনিয়র্সে এই জার্সি পরার অভিজ্ঞতা আছে লিয়ান্দ্রো পারেদেসের। থিয়াগো আলমাদা ভেলেজ ও আতলান্তা ইউনাইটেডে ১০ নম্বর পরেছেন। রোজারিও সেন্ট্রালে এই জার্সি ছিল জিওভানি লো সেলসোর গায়ে। নিকোলাস গঞ্জালেজও আর্জেন্টিনোস জুনিয়র্স ও ফিওরেন্তিনায় ১০ নম্বর জার্সি পরেছেন।

তবে ক্লাব পর্যায়ে ১০ নম্বর পরা আর মেসির জায়গা নেওয়া—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ আর্জেন্টিনার হয়ে মেসি শুধু একজন আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন না; দলের আক্রমণ পরিকল্পনার বড় অংশই তাকে ঘিরে তৈরি হতো।

সাম্প্রতিক দুই বিশ্বকাপেও সেটি স্পষ্ট হয়েছে। মেসি কখনো আক্রমণের মূল সৃজনশীল খেলোয়াড়, কখনো আবার সেন্টার ফরোয়ার্ডের ঠিক পেছনে থেকে দলের আক্রমণকে পরিচালনা করেছেন। গত বিশ্বকাপে তার সঙ্গে সামনে শুরুতে লাউতারো মার্তিনেজ এবং পরে হুলিয়ান আলভারেজকে দেখা গেছে।

জর্ডানের বিপক্ষে যে ম্যাচে মেসি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, সেদিন লাউতারো ও আলভারেজকে একসঙ্গে আক্রমণভাগে খেলিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ফলে মেসির পর ১০ নম্বর জার্সির দাবিদার খুঁজতে গেলে আক্রমণভাগের এই জায়গাটিই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে উত্তরসূরি যেই হোন, তার ওপর দায়িত্বটা হবে বিশাল। কারণ তাকে শুধু মেসির জার্সিই পরতে হবে না, বহন করতে হবে আর্জেন্টিনার ফুটবলে সেই জার্সির বিশাল প্রত্যাশাও।

মেসির বিদায়ের পর তাই ১০ নম্বর জার্সি নিয়ে এখনো কোনো চূড়ান্ত উত্তর নেই। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে নতুন কাউকে এই জার্সিতে দেখা যাওয়ার আগ পর্যন্ত প্রশ্নটা থেকেই যাবে—মেসির পর কে হবেন আলবিসেলেস্তের নতুন ১০ নম্বর?

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad