সুনামগঞ্জে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থী রাফা নিখোঁজ
সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে মায়মুনা আক্তার রাফা নামে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন । সোমবার (৩১ আগস্ট) কলেজ ছুটির পর অটোরিকশায় উঠে বাসার উদ্দেেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ মায়মুনা আক্তার রাফা সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার কলেজ ছুটির পর মায়মুনা আক্তার রাফা কলেজ থেকে বের হয়ে ভিন্ন ধরনের একটি অটোরিকশায় ওঠেন। এরপর বাসার উদ্দেশে রওনা হলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হলে কলেজের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, রাফা একটি ভিন্ন ধরনের অটোরিকশায় উঠে রওনা হয়েছেন। তবে অটোরিকশাটি কোথায় গেছে কিংবা চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে কলেজ ছাত্রী মায়মুনা আক্তার রাফাকে একটি ভিন্ন ধরনের অটোরিকশায় উঠতে দেখা গেছে। অটোরিকশাটির চালক ও যানটি শনাক্ত করে রাফার অবস্থান নিশ্চিতের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মায়মুনা আক্তার রাফাকে খুঁজে পেতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর পাশাপাশি পরিবারের ০১৩২০১২০৭৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
লতিফুর রহমান রাজু/মীর্জা ইকবাল
মন্তব্য করুন: