জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ: সড়ক পরিবহনমন্ত্রী

জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ: সড়ক পরিবহনমন্ত্রী

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৬ ১১:৪৩:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী বছরের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ শেষ করে তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মহাসড়কটি ফোর লেনের পাশাপাশি উভয় পাশে সার্ভিস লেনসহ মোট ছয় লেনে উন্নীত করা হচ্ছে।

তিনি জানান, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমানে ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ, ভৌত কাজ ২৭ শতাংশ এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ প্রায় ৩৯ থেকে ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রকল্পের ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির কাজের অগ্রগতি সন্তোষজনক নয় জানিয়ে শেখ রবিউল ইসলাম বলেন, বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। যেসব এলাকায় কাজের গতি কম বা বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভূমি অধিগ্রহণ, বাজার, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য স্থাপনা, ইউটিলিটি স্থানান্তর এবং মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন জটিলতা প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি করছে বলেও জানান তিনি।

আশুগঞ্জ-সরাইল অংশের প্রায় ১১ কিলোমিটার সড়কের কাজের অগ্রগতি ৭০ থেকে ৭৫ শতাংশে পৌঁছেছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের সহযোগিতায় এলওসির আওতায় বাস্তবায়নাধীন এ কাজ একপর্যায়ে প্রায় স্থবির হয়ে পড়েছিল। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় বর্তমানে কাজটি বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শেখ রবিউল ইসলাম আরও বলেন, বড় প্রকল্পের কারণে সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হলেও প্রকল্পের কাজ দ্রুত শেষ করাই এর স্থায়ী সমাধান। জনগণের প্রত্যাশা ও জবাবদিহিতার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম ফজরুল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad