মেসির পর তাগলিয়াফিকোও কি বিদায়ের পথে?

মেসির পর তাগলিয়াফিকোও কি বিদায়ের পথে?

প্রথম ডেস্ক

২২/০৯/২০২৬ ১০:২৮:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একটি প্রজন্মের শেষ কি তবে ধীরে ধীরে সামনে চলে আসছে আর্জেন্টিনা দলে? লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচের আলোচনা যখন সবচেয়ে বেশি, তখন নিকোলাস তাগলিয়াফিকোর কথাতেও মিলেছে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার ইঙ্গিত।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ হতে পারে। সেই ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে যখন আবেগ তৈরি হয়েছে, তখন তাগলিয়াফিকোও জানালেন, তিনিও ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন।

সোমবার সকালে বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, তার ক্যারিয়ার এখন শেষ পর্যায়ের দিকে। তাই জাতীয় দলের হয়ে পাওয়া প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান তিনি। কারণ, শেষ সময় কখন এসে যাবে, তা কেউ জানেন না।

তাগলিয়াফিকোর কথায় অবশ্য এখনই অবসরের ঘোষণা নেই। বরং বর্তমান সময়টাকে উপভোগ করার কথাই বলেছেন তিনি। তবে তার বক্তব্যে একটি বিষয় স্পষ্ট—আর্জেন্টিনার হয়ে দীর্ঘদিন খেলা এই প্রজন্মের ফুটবলারদের ক্যারিয়ার এখন শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে।

এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে পারে মেসির বিদায়ের মধ্য দিয়ে। তাগলিয়াফিকোর কাছে অবশ্য মেসির বিদায় মানে শুধু একজন খেলোয়াড়ের অবসর নয়, বরং একটি যুগের সমাপ্তি। তার মতে, ম্যারাডোনার পরও আর্জেন্টিনা নিজেদের পথ খুঁজে নিয়েছিল। মেসির পরও জাতীয় দলকে একইভাবে এগিয়ে যেতে হবে।

প্রায় দুই দশক ধরে মেসির মতো একজন খেলোয়াড়কে সতীর্থ হিসেবে পাওয়ার অভিজ্ঞতা তাগলিয়াফিকোর মতো ফুটবলারদের জন্যও বিশেষ। কিন্তু সেই অধ্যায় শেষ হওয়ার পর নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে বলে মনে করেন তিনি। দলকে আরও পরিশ্রম করতে হবে এবং ধারাবাহিকভাবে নিজেদের উন্নত করতে হবে।

আর্জেন্টিনার হয়ে তাগলিয়াফিকোর যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে। এরপর তিনি দলের রক্ষণভাগের নির্ভরযোগ্য সদস্য হয়ে ওঠেন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। এর আগে ও পরে আর্জেন্টিনার সাফল্যের বেশ কয়েকটি অধ্যায়েরও অংশ হয়েছেন তিনি। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফাইনালিসিমা জয়ী দলের সদস্য ছিলেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad