রাজনগরে পানিতে ডুবে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কাইয়ুম মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দাসটিলা গ্রামে এ ঘটনা ঘটে। কাইয়ুম রাজনগরে সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার দুপুরে দুই সহপাঠীসহ কাইয়ুম বাড়ির পাশের উদনাছড়ায় জাল দিয়ে মাছ ধরতে যান।মাছ ধরার একপর্যায়ে তিনি হঠাৎ পানির নিচে তলিয়ে যান।
পরে তার সাথে থাকা দুই সহপাঠী তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। মৌলভীবাজার সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কাইয়ুমের বাবা আনছার আলীর সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন যাবত কাইয়ুম মিয়া খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মধ্যেই তার শরীরে এক ধরনের খিঁচুনির সৃষ্টি হত। হয়তো সে কারণেই তার মৃত্যু হয়েছে।
রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: জুবায়ের আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাইয়ুম তার দুই সহপাঠীর সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। পরিবার জানিয়েছে তার খিঁচুনি রোগ ছিল।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী কাইয়ুম বলেন, ‘পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করব।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: