শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেফতার দুই

শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

৩০/০৯/২০২৬ ২১:৪৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের ভৈরববাজারস্থ দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে এ অভিযান চালানো হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এএসআই আবুল তালেব পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।

পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে একটি ডায়নামিক, তিনটি ইউয়ান্ডি ও একটি নামবিহীন অটোরিকশাসহ মোট পাঁচটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া চারটি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি চাকা, চারটি জাম্পার ও তিনটি ডিফারেন্সিয়াল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

পুলিশের ভাষ্য, গ্রেফতার দুজন পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাইকৃত অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মো. শাহিন আহমেদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad