মৌলভীবাজারে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় শমশেরনগর চৌমুহনা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৭ আগষ্ট) শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছরের ভিকটিমের সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি দেশে ফিরে এই সময়ে বিবাহের প্রলোভন দেখিয়ে সাইফুল ইসলাম তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে জানতে পারে যে, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এর ফলে ভিকটিমের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়।
পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি ভিকটিম সাইফুল ইসলামের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সময় সাইফুল ইসলাম জেলহাজতে থাকলেও আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খানকেও গ্রেফতার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ জানান, বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে সিরাজ খানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: