সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ১০ লাখ ৭১ হাজার টাকার মালামাল জব্দ
সিলেট সীমান্তে পৃথক দুটি অভিযানে ১৩টি ভারতীয় গরু, জিরা, পাতার বিড়ি ও একটি অটোরিকশাসহ প্রায় ১০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
রোববার (১ নভেম্বর) সকালে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর সিজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে, একই দিন সকাল আনুমানিক ৮টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি এবং একটি অটোরিকশা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৪ লাখ ২১ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ১০ লাখ ৭১ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬
মন্তব্য করুন: